নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরকে ‘ফ্যাসিবাদের পাহারাদার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, অনেক কষ্টসাধ্য ও বিপ্লবের কঠিন পরিস্থিতি পেরিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিস্থিতিতে পৌঁছালেও দেশে এখনো চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস কমেনি।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আয়োজিত মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ সংস্কার হোক। কিন্তু আপনারা বলেছিলেন, “আগে নির্বাচন দেন, তাহলেই বাংলাদেশের সংস্কার হয়ে যাবে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়ে যাবে।” কিন্তু নির্বাচন হলেও বাস্তবে চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে।’

আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘আগামী নির্বাচনে যদি চাঁদাবাজির টাকা, সন্ত্রাসীর টাকা, দুর্নীতির টাকা এবং মাসল পাওয়ার বা টাকার খেলা প্রদর্শনের চেষ্টা করা হয়, তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শক্তিগুলো পুনরায় ঐক্যবদ্ধ হয়ে আপনাদের টুঁটি চেপে ধরতে বাধ্য হবে।’