দেশে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ। বৃষ্টি ও পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি জটিল হওয়ার কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন। গত বছরের একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৮ হাজার ২২৮ জন। অর্থাত্ এক বছরের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৭২ শতাংশ।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২৪ শতাংশ। গত বছরের ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মারা যায় ২০২ জন। চলতি বছরের একই সময়ে মৃত্যু হয়েছে ২৫০ জনের। ফলে এক বছরের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ৪৮ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে এক জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। যার মধ্যে ঢাকায় ৪২০ জন ও চট্টগ্রামে ৩৩৩ জন। এ সময় সিলেট ও রাজশাহী বিভাগে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
এ বছর ৮২ হাজারের বেশি ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি রোগী ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকায় ৩৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১১৬ জন। এরপর মৃত্যু সংখ্যা বেশি খুলনা বিভাগে। এ বিভাগে ৪৭ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম মৃত্যু সিলেট বিভাগে। এ বছর মাত্র এক জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর ৭৬ হাজার ৮৬১ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে চিকিত্সাধীন আছে ৫ হাজার ৬৫০ জন।