ব্রোঞ্জ হাতছাড়া করে দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন

খর্বশক্তির দল নিয়ে এশিয়ান গেমস খেলতে এসেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশ এসেছে সর্বশক্তির দল নিয়ে। তবুও পেরে ওঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমে পাকিস্তানের কাছে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয় লিটন দাসের দলে। এবার লঙ্কানদের কাছে বাজেভাবে হেরে ব্রোঞ্জও কপালে জুটলো না। 

শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে খর্বশক্তির লঙ্কানরা তোলে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে টাইগাররা ১৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।

এমন বাজেভাবে হারের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’

পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো এমন দ্বিতীয় সারির দলের কাছে হারের কারণ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তে বেশি উইকেট হারিয়েছি।’

টি-টোয়েন্টিতে দেশের সেরা বোলার মোস্তাফিজুর রহমান। অথচ এই টুর্নামেন্টে তিনিই ছিলেন সবচেয়ে বেশি খরুচে। মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।’