জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা জাতীয়তাবাদী তাতী দলের এক শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (৩ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আশরাফুল ইসলাম ঝিকু (৩৫)। তিনি মাদারগঞ্জ উপজেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ পৌরসভার চরবওলা গ্রামের লাভলু কামারের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলা সদর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় আশরাফুল ইসলাম ঝিকুর দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে মাদক সম্পৃক্ততার দায়ে দলীয় নেতার আটকের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে উপজেলা বিএনপি। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, ‘মাদকসেবী কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি দলের হতে পারে না। আটক ঝিকু যদি সংশ্লিষ্ট আহ্বায়ক কমিটিতে পদধারী হয়ে থাকেন, তবে তাকে অবিলম্বে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাদক কারবারসহ যেকোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে দল কাউকে ছাড় দেবে না; কঠোর হাতে তা দমন করা হবে।