কলকাতায় এসে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের। শনিবার (৩ অক্টোবর) বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিক ভারতের মোকাবিলা করবে সেলেসাওরা।
বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়ুস। ভারতে পা রেখেই জনপ্রিয়তা টের পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এবারই প্রথম ভারতে আসেননি ভিনি। ১০ বছর পর আগেও এসেছিলেন এই সেলেসাও তারকা।
আন্তর্জাতিক সংস্থা ব্রিকসের পাঁচটি দেশ নিয়ে ২০১৬ সালে ভারতের গোয়ায় আয়োজিত হয়েছিল ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। ব্রাজিল এবং ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা সে টুর্নামেন্টে অংশ নিয়েছিল। প্রথমবার আয়োজিত সেই টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে সর্বোচ্চ ৪ গোল করেছিলেন ভিনিসিয়ুস।
১০ বছর আগের সেই ভারত সফর ঠিকই মনে আছে ভিনির। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া ‘সিবিএফ টিভি’–কে ভিনি বলেন, ‘এগুলো দারুণ সব স্মৃতি; কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এ–ও জানতাম না যে সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।’
ব্রাজিলিয়ান এই তারকা আরও বলেন, ‘এই টুর্নামেন্টের (ব্রিকস অনূর্ধ্ব-১৬) সময়ই আমি (জনপ্রিয়তা) বুঝতে পারি এবং এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।’
ভারতের বিপক্ষে কার্লো আনচেলত্তি তার দলে সম্ভাব্য সাতটি পরিবর্তন আনতে পারেন। তবে ভিনির খেলা নিশ্চিত। চোটের কারণে রাফিনিয়া ছিটকে পড়ায় এ ম্যাচে ভিনির ওপর দায়িত্বটা বেশি। রিয়াল মাদ্রিদ তারকাকে আরেকবার নিজেদের মাটিতে খেলতে দেখবেন ভারতের ফুটবলপ্রেমীরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলে জয় পেয়েছিলেন আনচেলত্তি। এবার ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন। খেলোয়াড়দের সবাইকে পরখ করে দেখছেন আনচেলত্তি। ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে ২৬ জনের স্কোয়াডে সবারই মাঠে নামা নিশ্চিত হবে।