নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান-অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই সীমান্তের নদীপথে বাড়ানো হয়েছে নজরদারি। যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বসানো হয়েয়ে শক্তিশালী সিসি ক্যামেরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। সম্প্রতি সময়ে এসব নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বিজয়পুর ও ভবানীপুর বিওপি এলাকার সোমেশ্বরী নদীপথ দিয়ে চোরাচালান ঠেকাতে এসব ক্যামেরা বসানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি জানায়, বিজয়পুর ও ভবানীপুর এলাকার সোমেশ্বরী নদীপথ দিয়ে বাংলাদেশি চোরাকারবারিরা চোরাচালানের উদ্দেশ্যে রাতের অন্ধকারে ভারতে অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন প্রকার মদ ও মাদকদ্রব্য, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, কসমেটিক আইটেম, পোশাক সামগ্রী, গবাদিপশু, বিভিন্ন প্রকার সামগ্রী ও নারী শিশু পাচারের চেষ্টা করে থাকে। সীমান্তে চোরাকারবার প্রতিরোধে সাম্প্রতিক সিসি ক্যামেরা দুটি বসানো হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাটালিয়ন ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৩৪৪ টাকা মূল্যের চোরাচালানি জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ এই সীমান্তে নতুন দুটি সিসি ক্যামেরা বসানো নজরদারি আরও জোরালো হবে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজয়পুর ও ভবানীপুর বিওপিতে নতুন দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।