ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট ‘কুঠার’ দিয়ে প্রধান পাইলটকে আঘাত করেন: আরব আমিরাত

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে হামলার ঘটনায় নতুন তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটর। তার দাবি, গত বুধবার ককপিটের ভেতর সহকারী পাইলট ‘ক্র্যাশ অ্যাকস’ নামে বিশেষ ধরনের কুঠার দিয়ে প্রধান পাইলটকে আঘাত করেন।

সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটর হামাদ সাইফ আল-শামসি ঘটনাটিকে সহকারী পাইলটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলাকারী উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন।

‘ক্র্যাশ অ্যাকস’ সাধারণত জরুরি পরিস্থিতিতে উড়োজাহাজের কোনো অংশ কেটে বের হওয়ার জন্য ককপিটে রাখা হয়। ফলে হামলায় ব্যবহৃত কুঠারটি উড়োজাহাজের ককপিটেই সংরক্ষিত ছিল বলে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম আল-শামসির বরাত দিয়ে জানিয়েছে, ঘটনার সব পরিস্থিতি, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত চলছে। পাশাপাশি কারিগরি পরীক্ষা এবং ঘটনাস্থল থেকে পাওয়া আলামতও পরীক্ষা করা হচ্ছে। তদন্তের চূড়ান্ত ফলাফল যথাযথ প্রক্রিয়া শেষে জানানো হবে।

বুধবার ১৭৪ জন আরোহী নিয়ে ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি দুবাই থেকে ইসরায়েলের তেল আবিব যাচ্ছিল। এ সময় সহকারী পাইলট প্রধান পাইলট স্মিথ মছারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ভারতীয় পাইলট গুরুতর আহত হন। তবে তিনি সহকারী পাইলটকে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিতে দেননি।

হামলার শিকার ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মছার

ইসরায়েলি দুটি সূত্রের দাবি, হামলাকারী সহকারী পাইলট ওমানের নাগরিক। তার নাম হাম্মাম আল-হাম্মামি।

মাঝ আকাশে দুই পাইলটের ধস্তাধস্তির সময় উড়োজাহাজটি মাত্র ৩০ সেকেন্ডে ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে ককপিটের দরজা খুলে দেওয়া হলে যাত্রীরা ভেতরে ঢুকে সহকারী পাইলটকে নিরস্ত্র করেন। এরপর উড়োজাহাজে থাকা অন্য দুই পাইলট সেটির নিয়ন্ত্রণ নেন।

পরে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়। উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুকে প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে।

সূত্র: আল জাজিরা