গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আওয়ামী লীগ নেতা বাবাও গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়ন থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা (নিষিদ্ধঘোষিত সংগঠন) ছেলেকে থানায় দেখতে এসে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছেলে ও বাবাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তার সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন। 

গ্রেপ্তারের পর শুক্রবার তাদের দুজনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবা আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।