শিক্ষকদের পেনশন ৩ মাসের মধ্যে দেওয়ার দাবি আখতার হোসেনের

শিক্ষকদের জন্য পৃথক সুরক্ষা ব্যবস্থা ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের অর্থ সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিশোধেরও দাবি জানান তিনি।

শিক্ষকদের মত প্রকাশে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, পেনশনের টাকা পাবেন এটা নিশ্চিত তারা তো চাকরি করেছে, তাদের বেতন থেকে একটা অংশ কেটে রাখা হয়েছে। একজন মানুষ তার শিক্ষকরা সময়সীমা শেষ হওয়ার পরে পেনশনের টাকার জন্য পাঁচ থেকে ছয় বছর অপেক্ষা করতে হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই যারা পেনশনে যাবে তাদের টাকাটা তিন থেকে ছয় মাসের মধ্যে বুঝিয়ে দিতে হবে।

সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজকে বৈষম্য, অনিশ্চয়তা ও আর্থিক অনিরাপত্তার মধ্যে রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশা করা অবাঞ্ছিত। এ সময় শিক্ষকদের সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখারও দাবি জানান তারা।

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকতে না পারলে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করা সম্ভব নয়। এ সময় তিনি শিক্ষকদের উন্নয়নে সরকারকে বিশেষভাবে কাজ করার আহ্বান জানান।