ক্রীড়া কার্ড ও ভাতা বাবদ ২০০ কোটি টাকা আলাদা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হবে।’
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ডের সুবিধার আওতায় আনতে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ক্রীড়া কার্ড প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে ও ভাতার আওতায় আনা হয়েছে। মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হবে। এরই মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ৪ মাস পর পর অ্যাথলেটদের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা হালনাগাদ করা হবে। প্রতি চারমাস পরপর কিছু বাদ পড়বে বা নতুন করে অন্তর্ভুক্ত হবে।’
তিনি বলেন, ‘শিগগিরই ৯৫ জনকে নতুন করে সংযোজন করছি। এখনো পর্যাপ্ত ক্রীড়াবিদ পাওয়া যায়নি, তাই ৫০০ জনের কোটা এখনো পূরণ হয়নি। ভালো ক্রীড়াবিদ পেলে অন্তর্ভুক্ত করা হবে।’
এশিয়ান গেমস প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এশিয়ান গেমস বা ফুটবলের সার্বিক ফল নিয়ে খুব বেশি হতাশ না। প্রাথমিকভাবে ফল হতাশাজনক হলেও, ভুল থেকে শিখতে তাই। এনএসসির মূল্যায়ন কমিটি করতে বলা হয়েছে, রিপোর্ট পেলে সার্বিক বিষয় তুলে ধরবো।’
তিনি বলেন, ‘৫ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ। এশিয়ান গেমসহ বছরব্যাপী ট্রেনিং দেওয়া হবে। ক্রীড়াবিদদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার।’