তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম

জনপ্রিয় কথাসাহিত্যিক রাহিতুল ইসলামকে নিয়ে এক বিশেষ আড্ডার আয়োজন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম’। ‘আলবেরো স্টুডিও’–এর পরিবেশনায় এবং ‘প্রথমা’–র সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় ১০০ ফিট মাদানী এভিনিউয়ের ‘শেফ’স টেবিল কোর্টসাইড’-এ অবস্থিত প্রথমা বুক ক্যাফেতে এই আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছে—“পথের শেষে নয়, পথচলাতেই আমরা”।

দৈনন্দিন জীবনের গণ্ডি পেরিয়ে তরুণ প্রজন্মের সম্পর্ক, নতুন স্বপ্ন, জীবনের অভিজ্ঞতা ও আগামীর পথচলা নিয়ে আলোচনা করতেই এই বিশেষ সন্ধ্যার আয়োজন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম। তাঁর জীবন ও সাহিত্যচর্চার নানা অভিজ্ঞতা তরুণ পাঠকদের অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন আয়োজকেরা।

অনুষ্ঠান প্রসঙ্গে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম বলেন, ‘প্রথমা বুক ক্যাফের চমৎকার এই বিকেলে আপনাদের সঙ্গে আড্ডায় যুক্ত হতে পেরে বেশ ভালো লাগছে। বিশেষ করে আজকের থিমটি আমাকে ভীষণ টেনেছে—“পথের শেষে নয়, পথচলাতেই আমরা”। আমরা প্রায়ই একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো বা চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য বড্ড তাড়াহুড়ো করি। কিন্তু আসল জীবন তো কেবল গন্তব্য নয়, বরং প্রতিদিনের চেষ্টা, নতুন কিছু শেখা, শেখার পথ ধরে বদলে যাওয়া এবং হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়ানোর এই সুন্দর 'জার্নি' বা পথচলাটাই মূল কথা।’

তিনি আরও বলেন, ‘আমি যখন তরুণদের জীবনসংগ্রাম, ফ্রিল্যান্সিং কিংবা প্রযুক্তিনির্ভর নতুন নতুন উদ্যোগের গল্প নিয়ে লিখি, তখন তাদের ওই কঠিন ও রোমাঞ্চকর পথচলাটাই আমাকে সবচেয়ে বেশি টানে। কারণ পথের প্রতিটি মোড়, প্রতিটি ব্যর্থতাই একেকটা বড় শিক্ষা। তাই বলবো—চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে, আপনার বর্তমান সংগ্রাম ও চেষ্টাটাকে ভালোবাসতে শিখুন। নিজের ওপর বিশ্বাস রেখে কাজটা সততার সঙ্গে করে যান, ঠিক সময়ে সঠিক গন্তব্যে আপনি পৌঁছাবেনই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের মডারেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক তানজিলা আমীর তমা। তিনি বলেন, “তরুণদের সৃজনশীল চিন্তাভাবনা ও সাহিত্যপ্রীতিকে এগিয়ে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সাহিত্যপ্রেমী ও তরুণ লেখক-পাঠকদের এই প্রাণবন্ত আড্ডায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রথমা প্রকাশনী থেকে হুমায়ুন কবির,  বাংলাদেশে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার হলেন খাজা মো. আনাস খান, বৃত্ত বিল্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, স্কিলআপারে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের সভাপতি লুৎফুল খবীর রাউফু, সহ-সভাপতি পূরব খান  ও অর্থ সম্পাদক বদরুল আলম লিয়নসহ অনেকে।