স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে যেকোনো গাড়ির ওপর বাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে চালানো বন্ধ করতে হবে। আধুনিক ও মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে সরকার আইনগত কাঠামো ও মান নির্ধারণের কাজ শুরু করেছে।
রোববার (৪ অক্টোবর) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট’-এর সমাপনী ও উচ্চপর্যায়ের নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে জরুরি অ্যাম্বুলেন্স সেবার সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা সংজ্ঞা নেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নতুন আইনগত কাঠামো ও মান নির্ধারণের উদ্যোগে অ্যাম্বুলেন্সে কার্যকর অক্সিজেন সরবরাহব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।
আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (সিএইচআইপিএস) ও বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক যৌথভাবে এ সামিটের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়ানো ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে চলতি অর্থবছরে অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, কোভিড মহামারির অভিজ্ঞতা এবং ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত প্রস্তাবের পর মেডিকেল অক্সিজেন শুধু তাৎক্ষণিক চাহিদা নয়, বরং স্বাস্থ্য নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ড. এম এ মুহিত বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেনের ব্যবস্থাপনাকে আমরা এমন এক মানে উন্নীত করতে চাই, যাতে বৈশ্বিক স্কোরকার্ডেও আমরা সাফল্যের প্রমাণ রাখতে পারি।’