ফের তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল আকারের বিলবোর্ড টানানো হয়েছে। একই সঙ্গে একজন ইরানি সেনার বুটের নিচে মার্কিন ড্রোনকে পিষ্ট হতে দেখানো হয়েছে। এসব বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের নানা বার্তা প্রচার করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তেহরানের ব্যস্ততম এলাকাগুলোর অন্যতম ভালিয়াসার চত্বরসহ বিভিন্ন স্থানে এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পথচারীদের নজর কাড়ার মতো এসব প্রচারে যুক্তরাষ্ট্রবিরোধী নানা বার্তা তুলে ধরা হয়েছে।

‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি একটি বিশাল বিলবোর্ডে ট্রাম্পের ঠোঁট সেলাই করা ও মুখ বন্ধ অবস্থার ছবি দেখা যাচ্ছে। পেছনে রয়েছে হরমুজ প্রণালীর দৃশ্য। বিলবোর্ডে লেখা, ‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।

স্টুডিওটির ৩২ বছর বয়সী ব্যবস্থাপক মোস্তফা কাফায়ি বলেন, ‘যখন কোনো বড় খবর আসে, তখন আমাদের দল তৎপর হয়ে ওঠে। নতুন ধারণা বা আইডিয়া তৈরি করা হয়, গ্রাফিক ডিজাইনারদের নির্দেশনা দেওয়া হয় এবং আমরা সবাই মিলে কাজ করি।’

তার সঙ্গে কথা বলার সময় স্টুডিওর বিভিন্ন টেবিলে কর্মীদের নিজ নিজ প্রকল্পে কাজ করতে দেখা যায়। নতুন ধারণা নিয়ে আলোচনার জন্য সেখানে রয়েছে একটি হোয়াইটবোর্ড। হলওয়ের দেয়ালে রয়েছে শহীদদের ছবি ও বিভিন্ন স্কেচ।

মোস্তফার স্টুডিওতে একটি সংবাদ পর্যবেক্ষণ দলও রয়েছে। তারা দেশটির অন্যতম বৃহৎ সরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের অধীনে কাজ করে। সরকারের অর্থায়নে তৈরি এসব বিলবোর্ড মূলত সরকারি বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়।

অন্য একটি স্টুডিওর তৈরি বিলবোর্ডে ট্রাম্পকে একটি জাদুকরের বাক্সের ভেতরে আটকে থাকতে দেখা যায়। তার হাতে রয়েছে কোকা-কোলা ও হ্যামবার্গার। সেখানে লেখা, ‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’

বিলবোর্ডটির মাধ্যমে তুরস্কে জুলাই মাসের একটি ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে সে সময় ট্রাম্পকে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে একটি ক্যাটারিং ট্রাকে করে গোপনে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মোস্তফা বলেন, ‘দ্রুত কাজ করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ তার ভাষ্য, প্রায় আটজনের একটি দল মাত্র কয়েক দিনের মধ্যে একটি বিলবোর্ডের কাজ শেষ করে।

তিনি জানান, তাদের কাজের বেশির ভাগই ফটোশপে তৈরি করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রেও তাদের দল দক্ষ। বিভিন্ন প্রকল্পে চ্যাটজিপিটি ও ন্যানো ব্যানানার মতো এআই টুল ব্যবহার করা হয় বলেও জানান তিনি।

তেহরানে স্থাপন করা আরেকটি বিশাল বিলবোর্ডে দেখা যায়, একজন ইরানি সেনা একটি মার্কিন ড্রোনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এটি ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হরমুজ প্রণালীতে একটি ড্রোন আটকের ঘটনাকে তুলে ধরেছে। সেখানে লেখা হয়েছে, ‘ব্যবসা ভালোই চলছে।’

আরেকটি বিলবোর্ডে উত্তাল সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা এক পৌরাণিক যোদ্ধার পেছনে মার্কিন যুদ্ধজাহাজে আগুন জ্বলতে দেখা যায়। সেখানে লেখা, ‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’

অন্য একটি ছবিতে ট্রাম্পকে পানির নিচে একটি ডলারের নোট ধরার চেষ্টা করতে দেখা যায়। পাশে লেখা, ‘বিশাল বিজয়! হরমুজ প্রণালী।’

বিলবোর্ডগুলোতে ট্রাম্পের ছবিকে এত গুরুত্ব দেওয়ার কারণ জানতে চাইলে মোস্তফা বলেন, ‘ট্রাম্প একজন মিডিয়া ব্যক্তিত্ব... তিনি যখনই ওই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেন, আমরাও তার উপযুক্ত জবাব দিই।’

সূত্র: আরব নিউজ