ভারতীয় নৌসেনাকে ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ তথ্য ‘হাতিয়ে নিলো’ পাকিস্তানি নারী!

পাকিস্তানি এক নারী এজেন্টের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের সূত্র ধরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর ৩১ বছর বয়সী এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কোয়েম্বাটোর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই (PTI)।

গ্রেপ্তার নাবিকের নাম প্রদীপ মুখার্জি। কোয়েম্বাটোরে নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রনিতে (INS Agrani) একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নেওয়ার সময় অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (CI) সেলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ওই প্রশিক্ষণকেন্দ্রে অবস্থান করছিলেন।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। পরে তিনি বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন।

তদন্তসংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, কয়েক মাস আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যে অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, এই সম্পর্কের সুযোগ নিয়ে ওই নারী এজেন্ট কৌশলগত নৌসম্পদ, নৌবহরের চলাচল এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির কার্যক্রমের কাঠামোসংক্রান্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন।

সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদসংক্রান্ত হুমকি মোকাবিলায় কাজ করা সিআই সেল নাবিকটির সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত করার পর তদন্ত শুরু করে। এরপর তাকে নজরদারিতে রাখা হয়। তদন্তের একপর্যায়ে কোয়েম্বাটোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীরা ওই অনলাইন যোগাযোগের মাধ্যমে কী ধরনের তথ্য আদান-প্রদান হয়েছে এবং এর পরিধি কতটা ছিল, তা খতিয়ে দেখছেন।