চাঁদপুরের সেই ‘হ্যাকার রাকিব’ সন্ত্রাসবিরোধেী আইনে গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট রাকিবুল হাসান ওরফে ‘হ্যাকার রাকিব’ (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে ভাষ্য পুলিশের।

রোববার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার রাকিবুল হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে থানা পুলিশের একটি দল উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাকিবুল হাসান উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরফদার বাড়ির সিফন তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাইবার অপপ্রচারে জড়িত থাকার অভিযোগে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুরে গ্রেপ্তার রাকিবুল হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।