চট্টগ্রামের মিরসরাইয়ে দরবেশ সেজে চলন্ত সিএনজিতে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হালিমা বেগম (৬০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
হালিমা বেগম জানান, দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে তাকে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায়।
তিনি জানান, কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় দরবেশের বেশে এক ব্যক্তি সিএনজিতে ওঠেন। চালকের আগে করা প্রশ্নের সূত্র ধরে ওই ব্যক্তি তার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ বলে একটি পাঁচ টাকার নোট তার নাকের কাছে ধরেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন।
হালিমা বেগমের দাবি, অচেতন হওয়ার পর ওই ব্যক্তি তার পরনে থাকা প্রায় সাড়ে ৪ আনা স্বর্ণালংকার খুলে নেন। এসব স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে তাকে মহাসড়কের মস্তাননগর এলাকায় নামিয়ে দিয়ে চালক ও দরবেশ বেশধারী ব্যক্তি দ্রুত চলে যান।
পরে জ্ঞান ফেরার পর হালিমা বেগম বুঝতে পারেন, তার স্বর্ণালংকার নেই। এরপর মেয়ের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’