ম্যানগ্রোভ প্রকল্পের শত শত গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস, থানায় জিডি

পটুয়াখালীর গলাচিপায় জমি দখলের উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ স্কেভেটর (ভেকু) দিয়ে ধ্বংসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।

রোববার (৪ অক্টোবর) গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস ম্যানগ্রোভ বাগানে চার শতাধিক গাছ ভেকু দিয়ে ধ্বংসের ঘটনা ঘটে বলে ভাষ্য বনবিভাগের।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার চর আগস্তি বিটের আওতায় ৭৫ হেক্টর জমিতে ২০১৫ সালে ম্যানগ্রোভ প্রকল্পের বাগান সৃজন করা হয়। শনিবার বিকেলে স্থানীয় শাহিন হাওলাদারের নেতৃত্বে ৪-৫ জন ব্যক্তি স্কেভেটর দিয়ে তরমুজ চাষের জন্য বাঁধ নির্মাণ করছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। এ সময় স্কেভেটর দিয়ে ম্যানগ্রোভ বাগানের চার শতাধিক গাছ ধ্বংস করা হয় বলে বন বিভাগ জানিয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে দক্ষিণ চরবিশ্বাসের বাসিন্দা মো. শাহিন হাওলাদার বলেন, ওই চর ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থবছরে গলাচিপা ভূমি অফিস ভূমিহীন কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিয়েছে। তার দাবি, বন বিভাগ ওই চরে কোনো গাছ লাগায়নি; প্রকৃতিগতভাবে সেখানে কিছু আগাছা জন্মেছে।

গলাচিপা বিট কর্মকর্তা আবদুল বারেক বলেন, ‘এই চরে আমরা ২০১৫ সাল থেকে ম্যানগ্রোভ গাছের বাগান সৃজন করেছি। স্বাভাবিক বন পাহারার অংশ হিসেবে বনের মধ্যে স্কেভেটর দিয়ে বাঁধ দিতে দেখে আমরা বাধা দিই।’

গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী বলেন, মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।