ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের রুশ তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় এবার বড় অঙ্কের একটি তেল চুক্তির বিষয়ও উঠে এসেছে। প্রস্তাবিত এ চুক্তির মাধ্যমে রুশ জ্বালানি কোম্পানি লুকঅয়েলের মালিকানাধীন বিভিন্ন তেলক্ষেত্র, শোধনাগার ও গ্যাস স্টেশন অধিগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী লাভবান হতে পারে, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত চুক্তিটি বাস্তবায়নে মার্কিন বিনিয়োগকারী ও বিলিয়নেয়ার টড বোয়েলি, মধ্যপ্রাচ্যের দুটি ব্যবসায়িক গোষ্ঠী এবং মার্কিন সরকারের একটি সংস্থা যুক্ত রয়েছে। তবে চুক্তিটি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সরকার ও ক্রেমলিনের অনুমোদন প্রয়োজন হবে।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় উইটকফ ও কুশনারের কাছে তেল চুক্তির প্রস্তাবটি তোলেন পুতিন।

সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের সুযোগ রয়েছে রাশিয়ার জনগণের কাছে এমন বার্তা পৌঁছে দিতেই পুতিন চুক্তিটি এগিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

প্রস্তাবিত চুক্তির আওতায় বিশ্বজুড়ে লুকঅয়েলের মালিকানাধীন বিপুল পরিমাণ জ্বালানি সম্পদ রয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ও লুকঅয়েলের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।