ব্যাংক থেকে ফেরার পথে ৬ লাখ টাকা ছিনতাই, পিছু নেওয়ায় ব্যবসায়ীকে গাড়িচাপা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ (৩১) নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় সড়কে পড়ে আহত হন তিনি।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজী রোডের মাথায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, দুপুরে চিটাগাং রোডের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে টাকা নিয়ে মোটরসাইকেলে মিজমিজি দক্ষিণপাড়ার বাসার উদ্দেশে রওনা হন।

অভিযোগে তিনি বলেন, মৌচাক ছালু হাজী রোডের মাথায় পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। পরে প্রাইভেটকারটি মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডের দিকে চলে যায়।

হাবিবুল্লাহ জানান, তিনি মোটরসাইকেলে ছিনতাইকারীদের গাড়ির পিছু নেন। একপর্যায়ে মাদানী নগর মাদরাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।