ভারতে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

ভারতের বিহারে বন্যার্তদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সারান জেলার পরশুরামপুর গ্রামের একটি ত্রাণকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অনিল কুমার সিং। শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বন্যার কারণে দুর্গত এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় ভারতীয় বিমানবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিচ্ছিল। এ সময় ওপর থেকে ফেলা একটি ত্রাণের প্যাকেট অনিল কুমারের মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মারহাওরার সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা (এসডিপিও) সবিন্দ্র কুমার দাস বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেটের আঘাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে স্থানীয় থানার কর্মকর্তা বিমলেশ কুমার জানান, গ্রামবাসীর কাছ থেকে তারা জানতে পেরেছেন যে ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে নিহতের মাথা বা শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনার সময় হেলিকপ্টারের সৃষ্ট বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে এক নারীর পায়ে আঘাত লাগে। আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

অনিল কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা মরদেহটি মহাসড়কে রেখে বিক্ষোভ করেন এবং ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

সূত্র: এনডিটিভি