বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দ্বীপ মন্ডল নামে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে তাকে বাগেরহাট মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।
এর আগে রোববার দুপুরে বাগেরহাটের বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে ওই প্রবাসীর স্ত্রীর বাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে স্থানীয়রা আটক করেন। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
দ্বীপ মন্ডল বাগেরহাট মডেল থানার বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে। তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।