রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে একাধিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে নিয়ে দুই সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে রাবি ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত চার সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়েছে।