ইরানি বাহিনীর চাপে পড়ে মার্কিন সামরিক বাহিনী ইরানের সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন আইআরজিসির শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি। সোমবার (৫ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া তার মন্তব্যের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি মন্তব্য করেন, ‘আমেরিকানরা পালিয়ে আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজেদের পছন্দ ছিল না; এটি ইসলামিক প্রজাতন্ত্রের কর্তৃত্ব এবং আইআরজিসি পদাতিক বাহিনীর শক্তির কারণে হয়েছে।’
ফাদাবি দাবি করেন, ইতিহাসে প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নেই। একই সঙ্গে তিনি জানান, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির আক্রমণের মুখে ‘১০০ ভাগ ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে।
অন্যদিকে আলী ফাদাবির এই ধরনের দাবির বিপরীতে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, নিয়মকানুন কঠোরভাবে বজায় রাখা নিশ্চিত করতে তারা গত জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে।
সূত্র: আল জাজিরা