উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে সুপার ইন্টেলিজেন্স ফোর্স ঘোষণা ট্রাম্পের

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে জাতীয় উদ্যোগের কেন্দ্রীয় নেতৃত্ব দিতে এবং মার্কিন নির্বাহী শাখার নীতিগুলো সমন্বয়ের লক্ষ্যে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ (এসআইএফ—SIF) নামে একটি নতুন ফেডারেল টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ইনাগুরেটিং দ্য এরা অব সুপার ইন্টেলিজেন্স’ শীর্ষক এক নির্বাহী আদেশের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। নতুন এই আদেশে মার্কিন সরকারের সব আনুষ্ঠানিক কার্যক্রমে প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ এবং ‘এআই’ (AI) শব্দের পরিবর্তে যথাক্রমে ‘সুপার ইন্টেলিজেন্স’ এবং ‘এসআই’ (SI) শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হোয়াইট হাউসের ঐতিহাসিক বৈঠকের পরই এসআইএফ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রযুক্তিগত রূপান্তর শিল্পবিপ্লব ও ইন্টারনেটের চেয়েও ব্যাপক প্রভাব ফেলবে। নাগরিক সমাজ, নিরাপত্তা সংস্থা, ধর্মীয় সংগঠন ও বেসরকারি শিল্পের সঙ্গে সরকারের প্রধান সংযোগ মাধ্যম হিসেবে কাজ করবে এসআইএফ, যা বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বজায় রাখতে সহায়ক হবে।

সুপার ইন্টেলিজেন্স ফোর্সের নেতৃত্বে থাকছেন জাতীয় গোয়েন্দা, প্রতিরক্ষা, নিয়ন্ত্রণ সংস্থা ও কর্মী ব্যবস্থাপনার চার শীর্ষ কর্মকর্তা—ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন, ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন, গবেষণা ও প্রকৌশল বিষয়ক আন্ডার সেক্রেটারি এমিল মাইকেল এবং অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপর। এই চার সদস্যের নেতৃত্ব দল সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প ও চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের কাছে জবাবদিহি করবে।

আদেশে আরও বলা হয়েছে, বিদ্যমান মার্কিন আইনের টাইটেল ১৫-এর অধীনে এআইয়ের সংজ্ঞাই আপাতত সুপার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে পরবর্তী ৬০ দিনের মধ্যে ‘সুপার ইন্টেলিজেন্স’-এর হালনাগাদ আইনগত সংজ্ঞা ও প্রয়োজনীয় সংশোধনী কংগ্রেসে জমা দিতে প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে হোয়াইট হাউসে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই এবং জেনসেন হুয়াংসহ শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে মেটার সিইও মার্ক জাকারবার্গ প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ওপর জোর দেন এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই নিরাপদ অগ্রগতির লক্ষ্যে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন স্পষ্ট করেন, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখাই দেশটির বর্তমান জাতীয় নিরাপত্তার প্রধান অগ্রাধিকার।
গালফ নিউজ অবলম্বনে