রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

এলাকাভিত্তিক গ্রেপ্তারের তালিকায় সর্বোচ্চ ৮১ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া ওয়ারীতে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মতিঝিলে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, লালবাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৮ জন, গুলশানে ২৫ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন আলামত ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও ৪ রাউন্ড গুলি।

মাদকের তালিকায় রয়েছে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন। এছাড়া অপরাধে ব্যবহৃত ও ছিনতাইকৃত ৩২৪টি মোবাইল ফোন, ৯টি ট্যাব, ৬টি ট্রাঙ্ক ও নগদ ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।