তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অক্টোবরের তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় রাজ্যটির ৩ কোটি ৫০ লাখেরও বেশি মানুষকে অতিরিক্ত তাপমাত্রার সতর্কতার আওতায় রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার প্রায় পুরো অঞ্চলেই এ তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে মেক্সিকো সীমান্ত পর্যন্ত বিস্তৃত এলাকার তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় লস অ্যাঞ্জেলেস, সান ডিয়েগো, সান ফ্রান্সিসকো ও স্যাক্রামেন্টোসহ প্রধান শহরগুলোতে চরম তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রীয় এলাকায় তাপমাত্রা প্রায় ১০৪ ডিগ্রি এবং বেকার্সফিল্ডে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে।

এর আগে শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্তত আটটি শহরে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে। আনাহেইম ও সান ডিয়েগোতে তাপমাত্রা ১০৫ ডিগ্রি এবং সান্তা আনায় ১০৭ ডিগ্রি ফারেনহাইটে ওঠে। এছাড়া সান ডিয়েগোর ভিস্তা শহরে পারদ ১০৮ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা নতুন দৈনিক রেকর্ডের পাশাপাশি ১৯৮৫ সালের ৩০ জুনের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার সমান। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে এই তীব্র তাপমাত্রার সতর্কতা স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।

পশ্চিমাঞ্চলে এই অসহনীয় গরমের প্রভাব আশপাশের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে। সোমবার নাগাদ দক্ষিণ আইডাহো, মন্টানা এবং ডেনভারে তাপমাত্রা ৮০ ডিগ্রি ফারেনহাইটের শেষ ভাগে পৌঁছাতে পারে, যার ফলে বোইসি ও বিলিংস শহরেও নতুন দৈনিক তাপমাত্রার রেকর্ড সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে পশ্চিমাঞ্চলে যখন তীব্র দাবদাহ চলছে, তখন বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে। সেখানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব লুইজিয়ানা থেকে দক্ষিণ জর্জিয়া পর্যন্ত আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে নিউ অরলিন্স, মোবাইল, তালাহাসি ও ব্রান্সউইকে ২ থেকে ৬ ইঞ্চি এবং কিছু এলাকায় সর্বোচ্চ ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ টেক্সাসের কিছু এলাকাতেও অতিভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকির পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর।
সুত্র: এবিসি নিউজ