যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল আক্রমণ শুরু করে তবে সব আমেরিকান সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (৪ অক্টোবর) সংস্থাটির কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা গ্রুপের প্রধান আলী ফাদাবি রাষ্ট্রীয় টেলিভিশনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
আলী ফাদাবি বলেন, ‘আমেরিকানরা যদি স্থল হামলা চালায়, তবে আমরা আমেরিকানদের সঙ্গে সম্পর্কিত প্রতিটি স্থান, আমেরিকান ঘাঁটি এবং আমেরিকানদের সঙ্গে সম্পর্কিত প্রতিটি জাহাজে আঘাত হানব।’ তিনি দাবি করেন, সামরিক শক্তির ভাষা যুক্তরাষ্ট্র বোঝে এবং ইরানের সামরিক সরঞ্জাম তৈরির হার ব্যবহারের হারের চেয়েও বেশি।
কৌশলগত হরমুজ প্রণালি সম্পর্কে ফাদাবি জানান, প্রণালীটি পরিচালনার জন্য ইরান ও ওমানের যৌথভাবে নিয়ম তৈরি ও তা প্রয়োগ করা উচিত, যার প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। এ ছাড়া মার্কিন জাহাজগুলোকে অঞ্চলে পুনরায় মোতায়েন করা হলে সেগুলো ইরানের হামলার মুখে চরম ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, তেহরান কোনো মুসলিম দেশে আক্রমণ করেনি, বরং সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ ও সামরিক উপস্থিতি বৃদ্ধির জবাবে ইরানের সীমানায় যেকোনো হামলার তীব্র সামরিক প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি পুনরায় হুঁশিয়ারি দেন।
সূত্র: আনাদোলু এজেন্সি