সাতের চক্করে ঘুরপাক খাচ্ছে ফুটবল! এক দিন আগেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছিল সাত গোলের ঝড়। এবার সেই একই সংখ্যার পুনরাবৃত্তি নারী ফুটবলে। নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৭–০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।
আর এই গোলবন্যার মূল কারিগর ক্লদিয়া পিনা। ম্যাচের প্রথমার্ধেই চারবার রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সেলোনার জয়ের ভিত গড়ে দেন এই ফরোয়ার্ড। এল ক্লাসিকোর ইতিহাসে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করা প্রথম বার্সেলোনা নারী খেলোয়াড়ও এখন তিনি।
রোববার (৪ অক্টোবর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগা এফের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই পিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পিনা। চার মিনিট পর পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে বার্সার ব্যবধান দাঁড়ায় ৪–০।
বিরতির আগে আরও একবার রিয়ালের রক্ষণ ভেঙে দেন পিনা। ৪৪ মিনিটে নিজের চতুর্থ গোল করেন তিনি। এরপর ম্যাচের ৫৫ মিনিটে এভা পায়োর গোলে ব্যবধান হয় ৬–০। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন সিডনি শেরটেনলেইব। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সার মেয়েরা।