‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সঞ্জয় দত্ত মন্তব্য করেছেন, ‘ভারতে আর শান্তি খুঁজে পাই না’। এই কথার পরে সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। তার মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু বিতর্ক। অনেকেই অভিনেতার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন এবং অসন্তোষ প্রকাশ করেন। এ বার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয়।

এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হয়েছিল—এক দিনের জন্য প্রধানমন্ত্রী হলে তিনি দেশবাসীকে কী বার্তা দেবেন? জবাবে তার জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের ঢঙে তিনি বলেন, ভারতীয়দের ভালোবাসা ও আতিথেয়তা তার কাছে অমূল্য হলেও বর্তমান পরিস্থিতিতে দেশে আগের মতো শান্তি খুঁজে পাচ্ছেন না। এই কথাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়।

বিতর্কের মুখে সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করে সঞ্জয় দত্ত জানান, তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোনো ব্যক্তি, সম্প্রদায় বা কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।

মন্তব্যের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, ‘কথাটি আগে থেকেই একটি লিখিত স্ক্রিপ্ট অনুযায়ী এবং হালকা মেজাজে রসিকতা করে বলা হয়েছিল।’ তার ‘মুন্নাভাই’ সিনেমার ‘গান্ধীগিরি’র প্রসঙ্গ টেনে তিনি আরো যোগ করেন, মূল প্রেক্ষাপট বাদ দিয়ে বিষয়টি তুলে ধরায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, কাজের দিক থেকে সঞ্জয় দত্তকে সামনে তার ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এ দেখা যাবে।