রাউজানে চেকপোস্টে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চট্টগ্রামের রাউজানে চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদ রানা বাবু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১টায় রাউজান থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাসুদ রানা বাবু রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার আহমেদ হোসেনের বাড়ির মো. জাকারিয়া ওরফে কালুর ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাছাইয়ের দোকান মোড়ের বটতলা এলাকায় রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এই তল্লাশি চালান। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মূলত জগন্নাথহাট থেকে ফকিরহাটগামী সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি সিএনজি অটোরিকশা থামানো হয়। পরে অটোরিকশাচালক মাসুদ রানা বাবুকে তল্লাশি করলে তার হেফাজত থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুন নাঈম রাজন বাদী হয়ে সোমবার অস্ত্র আইনে মামলা করেছেন। এতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা, বহন করা বা ব্যবহার করার মতো গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম ইত্তেফাক ডিজিটালকে জানান, গ্রেপ্তার যুবককে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অস্ত্র উদ্ধার, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে রাউজান থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।