শহীদ সেনার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

ভারতের উত্তর প্রদেশে এক শহীদ সেনাসদস্যের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে তার পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ওই সেনাসদস্যের ছেলে, ভাই, ভাতিজা এবং অ্যাম্বুলেন্সের চালক।

রোববার (৪ অক্টোবর) সকাল আটটার দিকে অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯.৬ কিলোমিটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। সুবেদার মেজর সত্যবান সিংয়ের মরদেহ চণ্ডীগড় (পঞ্চকুলা) থেকে তার নিজ গ্রাম দেওরিয়ার গালিয়া দুদহাইলায় নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান সত্যবানের ছেলে গৌরব সিং (২৮) এবং চালক জসপাল (৩০)। গুরুতর আহত অবস্থায় ভাই রাজন চৌধুরী (৩৫/৩৬) ও ভাতিজা রাম সমুজ সিং (৪০)-কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

সত্যবানের মরদেহ হালিয়াপুর থানায় রাখা হয়েছে। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সামরিক মর্যাদায় সত্যবানের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।