গোপালগঞ্জে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

তবে এ ঘটনায় গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামের সুলাইমান মোল্লা (৭০) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুলাইমান মোল্লা ও তার স্ত্রী মাঝিগাতী বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের জোর চেষ্টা চালানো হচ্ছে।