বান্দরবানের থানচিতে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে থানচির ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।

নিহত ও আহতরা সবাই চকরিয়া খুটাখালির এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে আলীকদম হয়ে পাঁচজনের একটি দল তিন্দু যাচ্ছিল। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই পর্যটন নিহত হন। আহত হন আরও পাঁচজন। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বলিপাড়া বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত বলেন, তিন্দু সড়কে নোহা প্রাইভেটকার উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। আরও তিন পর্যটক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।