বগুড়ার ধুনটে এক মাদরাসাছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রোমান মিয়া (২৫) নামের এক যুবককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তিনি ওই মাদরাসার নিরাপত্তাকর্মী।
মাদরাসা সূত্রে জানা গেছে, রোমান মিয়া ২০২১ সালে মাদরাসাটিতে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পান। প্রায় ছয় মাস আগে মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পরিবার শিক্ষকদের জানান। পরে শিক্ষকরা রোমান মিয়াকে সতর্ক করেন। তারপরও ২৮ সেপ্টেম্বর মাদরাসা ছুটির পর রোমান মিয়া ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি ছুটি না নিয়ে মাদরাসায় অনুপস্থিত রয়েছেন।
এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন মাদরাসার সুপার মোস্তাফিজুর রহমান। নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি শোকজের কোনো জবাব দেননি।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মাদরাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
মাদরাসার সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।