ফ্লাইদুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝ আকাশে সৃষ্ট আতঙ্কের কয়েক দিনের মধ্যেই ফের জরুরি পরিস্থিতির মুখে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান আয়ারল্যান্ডের আকাশসীমায় ‘স্কোয়াক ৭৭০০’ সংকেত পাঠিয়ে দ্রুত নিচে নেমে লন্ডনে ফিরে গেছে।

ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৯৫ ফ্লাইটটি আয়ারল্যান্ডের ওপর দিয়ে যাওয়ার সময় জরুরি সংকেতটি পাঠায়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ওই সময় বিমানটি উচ্চতা দ্রুত কমিয়ে প্রায় ২৮ হাজার ফুট নিচে নেমে আসে। এরপর গন্তব্য পরিবর্তন করে বিমানটি লন্ডনের দিকে ফিরে যায়।

বিমানে জরুরি পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। তবে উড্ডয়ন নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, কেবিনের বায়ুচাপ আশঙ্কাজনকভাবে কমে গেলে দ্রুত বিমানকে অপেক্ষাকৃত নিচু উচ্চতায় নামিয়ে আনা হয়।

‘স্কোয়াক ৭৭০০’ কী?
বিমানের ট্রান্সপন্ডারের মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) চার অঙ্কের বিশেষ সংকেত পাঠানো হয়, যাকে ‘স্কোয়াক’ কোড বলা হয়। এর মধ্যে ৭৭০০ কোড ব্যবহার করা হয় বিমানে সাধারণ বা গুরুতর কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে।

এই কোডের মাধ্যমে সমস্যার সুনির্দিষ্ট ধরন জানানো হয় না। তবে এটিসির কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে বিমানটির ক্রুদের জরুরি সহায়তা প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিমানকে অগ্রাধিকার দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী আকাশপথ বা অবতরণের ব্যবস্থা করা হয়।

কয়েক দিন আগেই ফ্লাইদুবাইয়ের ঘটনায় আতঙ্ক
ব্রিটিশ এয়ারওয়েজের এই ঘটনার মাত্র কয়েক দিন আগে ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝ আকাশে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি জরুরি সংকেত পাঠানোর পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি দুই মিনিটেরও কম সময়ে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে। পরে জানা যায়, বিমানের ওমানি নাগরিক কো-পাইলট ককপিটে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাখা একটি কুড়াল দিয়ে প্রধান পাইলটের ওপর হামলা করে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি সামাল দিতে ক্যাপ্টেন স্মিত মচ্ছার সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেন। পরে যাত্রীদের সহায়তায় হামলাকারীকে নিয়ন্ত্রণে আনা হয়।

শিশুসহ ১৭৪ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮ বিমানটি শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদেল আজিজ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ঘটনার পর পাইলট স্মিত মচ্ছার সাহসিকতার প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এনডিটিভি