বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইয়েমেনের সেনাবাহিনীর

হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। সোমবার (০৫ অক্টোবর) দেশটির সরকার বিদ্রোহীদের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধারে নতুন অভিযান ঘোষণার পর হুতিদের বিভিন্ন অবস্থানে এক হাজারের বেশি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।

সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের জন্য এই অভিযান বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ, এর মাত্র এক মাস আগে লোহিত সাগরের উপকূলের বিস্তীর্ণ এলাকা এবং বাব আল-মান্দেব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছিল সরকার।

সরকারের অভিযানের ঘোষণার কয়েক ঘণ্টা পর ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, হুতিদের কামান ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা স্থাপনা, যাতায়াত ও রসদ সরবরাহের পথ, সরবরাহ লাইন, লজিস্টিক অবকাঠামো এবং যুদ্ধের জন্য পাঠানো অতিরিক্ত সেনাদের অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশি হামলা চালানো হয়েছে।

পরে সামরিক মুখপাত্র দাবি করেন, বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণও তারা পুনরুদ্ধার করেছে। তবে হুতি-সমর্থিত সংবাদমাধ্যম এর আগে ওই এলাকায় সরকারি বাহিনী কোনো ভূখণ্ড পুনর্দখল করেছে বলে অস্বীকার করে।

তবে সরকারি বাহিনীর এসব হামলায় তাৎক্ষণিকভাবে হুতিদের অগ্রযাত্রায় বড় কোনো প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে না। রোববার হুতিরা গুরুত্বপূর্ণ শহর তাইজকে কার্যত ঘিরে ফেলেছে। শহরটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের রাজধানী এডেনের প্রধান সরবরাহ পথও বিচ্ছিন্ন করেছে তারা।

তাইজ প্রদেশ ও এর আশপাশে দুপক্ষের সংঘর্ষে এক দিনেই ৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। সংঘাতের দুই পক্ষের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এর আগে শুক্রবারের সংঘর্ষে ৮০ জন যোদ্ধা নিহত হওয়ার খবরও দিয়েছিল এএফপি।

বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এর নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের সংঘাত আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।

সূত্র : সিবিএস নিউজ