চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অবৈধভাবে সার মজুদের দায়ে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়া সার মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাকলিয়া থানাধীন ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় বিশেষ এ অভিযান চালানো হয়। তল্লাশিকালে অনুমোদনহীন আটটি গুদাম থেকে আনুমানিক ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা এসব সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে আইনের সুস্পষ্ট ধারা লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপর এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। দণ্ডিত উভয় ব্যবসায়ীর জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, ‘অবৈধভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে।’ কৃষি উপকরণের সঠিক সরবরাহ ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।