পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

সৌদি আরবে আরামকোর তেল স্থাপনায় হামলায় বাংলাদেশী যুবক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজীব হোসেন (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত সজীবের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত রবিবার আরামকোর ওই জ্বালানি স্থাপনায় হুতিদের আকস্মিক হামলায় প্রাণ হারান সজীব। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় এ ধরনের সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজীবের পরিবার এবং তার নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় চালিয়ে যাচ্ছে দূতাবাস।