রাতের আঁধারে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের দুচোখ উপড়ে ফেলার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনে নিজ বাড়ির সামনে থেকে রাতের আঁধারে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম মো. রাজিব (২৮)। সে সাচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফারুক খানের ছেলে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাজিবের ভাই মো. রিয়াজ জানায়, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বাড়ির সামনে প্রাথমিক স্কুলেরসামনে বসে মোবাইল টিপছিল। এ সময় একটি মাইক্রোবাস সেখানে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই দুই ব্যক্তি পাশ থেকে এসে তার মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়।

রিয়াজের অভিযোগ, পরে বদরপুর ও লালমোহন এলাকা হয়ে পথে পথে রাজিবকে অমানবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ সম্পূর্ণ নষ্ট করে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায়।

এ সময় তার চিৎকার শুনে আশপাশের ছাত্রাবাসের ছাত্ররা এসে ৯৯৯-এ কল দিলে গভীর রাতে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থা আরও আশঙ্কাজনক দেখে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

তিনি আরও জানান, রাজিবের শরীরে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। দুষ্কৃতকারীদের কয়েকজন তাদের এলাকার। এদের মধ্যে রাজিব কয়েকজনকে চিনেছে ও তাদের নাম বলেছে। পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেন তিনি।

বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী জানান, মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজিবের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় এজাহারনামীয় ইমাম হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।