ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাংকারে হামলায় অন্তত ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। হামলার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। আহত নাবিকদের ওমানের খাসাব এলাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলা চালানো হয়। হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ট্যাংকারটিতে ১৭ জন ভারতীয়সহ মোট ১৯ জন নাবিক ছিলেন। হামলায় ১২ জন আহত হন, যাদের মধ্যে ১১ জন ভারতীয়। ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে খাসাবে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিশ্বের বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে হামলার ঘটনায় দেশটির কয়েকজন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গত মাসেও একই অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন। এ অবস্থায় হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত।

মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ভারতের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বেড়েছে। ইরানের সঙ্গে সমন্বয় না করা কিংবা নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার অভিযোগে বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানি বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ এবং মার্কিন নির্দেশনা না মানা জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।