একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম হতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আমি অনেক দেশ ঘুরেছি, কোথাও এটা নাই।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ওসমানী উদ্যান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রায় ৯ বছর ধরে সাধারণ মানুষের জন্য রাজধানীর ওসমানী উদ্যান বন্ধ রয়েছে। উন্নয়নের নামে সেখানে তৈরি হয়েছে খাবারের দোকান, নগর জাদুঘর, পাঠাগার, ব্যায়ামাগার, গাড়ি রাখার স্থানসহ নানা অবকাঠামো। উদ্যানের ভেতরে এত অবকাঠামো নির্মাণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এদিকে উদ্যানের ভেতরে বিপুল অবকাঠামো নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় এসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে রাষ্ট্রের বিপুল অর্থও ব্যয় হয়েছে। এখন এগুলো সরকারের তথা জনগণের সম্পদ। সে কারণে উদ্যানটি আর বন্ধ না রেখে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করে মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
জানা যায়, আগামী ১৯ অক্টোবর ওসমানী উদ্যানের আধুনিকায়নের কাজ এবং উদ্যানের ভেতরে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি দেখতে আজ সেখানে যান প্রতিমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।