কৃষ্ণসাগরে দুই জাহাজে ড্রোন হামলা, ডুবে গেলো একটি

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলের কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে একটি জাহাজ ডুবে গেছে এবং নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন নাবিক।

বুলগেরিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম বিএনআর ও নৌপরিবহনবিষয়ক সংবাদমাধ্যম মেরিটাইম ডটবিজির তথ্য অনুযায়ী, হামলায় ডুবে যাওয়া টোগোর পতাকাবাহী জাহাজটির নাম 'আলফা ওয়াতান'। এটি রোমানিয়ার সুলিনা বন্দরের দিকে যাচ্ছিল এবং বুলগেরিয়ার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে এর শেষ অবস্থান পাওয়া যায়। এই জাহাজের নাবিকদের এখনো সন্ধান মেলেনি।

আরেকটি ক্ষতিগ্রস্ত জাহাজ 'এবল'-এর ১৮ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজে আগুন ধরে যাওয়ার পর তারা সেটি ছেড়ে চলে যান এবং পরে একটি বুলগেরীয় ফেরি তাদের উদ্ধার করে। এই ঘটনায় বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন। তবে এই ড্রোন হামলাগুলো কোন উৎস থেকে পরিচালিত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

ন্যাটোর সদস্য দেশ বুলগেরিয়ার অর্থনৈতিক অঞ্চলে এ ধরনের জাহাজে হামলার ঘটনা এটিই প্রথম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুলগেরিয়া সরকার জরুরি বৈঠক ডেকেছে এবং দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর মাত্র একদিন আগেই কৃষ্ণসাগরে তুরস্কের মালিকানাধীন একটি শস্যবাহী জাহাজে ড্রোন হামলায় দুজন নিহত এবং ১১ জন আহত হওয়ার পর জাহাজটি ডুবে গিয়েছিল। একের পর এক এসব হামলায় কৃষ্ণসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযান চলাচল ও নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।