দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে বরখাস্তের ১৫ বছর পর সম্প্রতি চাকরি ফিরে পাওয়া উপপরিচালক এম এম শাব্বির হাসানও রয়েছেন। গত সোমবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

দাপ্তরিক আদেশ অনুযায়ী, দীর্ঘ দেড় দশক পর পুনর্বহাল হওয়া উপপরিচালক এম এম শাব্বির হাসানকে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে বদলি করে ঢাকার প্রধান কার্যালয়ে উপপরিচালক (পরিদর্শন) পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত থাকা উপপরিচালক মো. আল-আমিনকে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এবং প্রধান কার্যালয়ের (গণসচেতনতা ও গণশুনানি-২) উপপরিচালক মো. আবু সাইদকে খুলনার বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখায় কর্মরত মো. আবুল কালাম আজাদকে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ে এবং মানিলন্ডারিং-২ শাখার মো. এমরান হোসেনকে কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণ ও রেকর্ড শাখা থেকে আসাদুজ্জামানকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৩, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা ইউনিটে এবং মো. শফিকুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ শাখায় পদায়ন করা হয়।

একই আদেশে সহকারী পরিচালক আমির হোসেনকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-২ শাখায়, মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয় থেকে ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ে এবং মো. হোসেন আলীকে কুড়িগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। পাশাপাশি অপর সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয়ের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে পদায়ন করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক স্বার্থে বদলিকৃত এই কর্মকর্তাদের আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে।