‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নেপথ্য থেকে তা পরিচালনার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ দাবি তুলেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে রাশেদ খাঁন এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চসিকের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান “তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো”র নাম পরিবর্তন করে রাখা হয়েছে “জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড”। আর আওয়ামী লীগের এই সিগারেট কোম্পানিটি নেপথ্যে থেকে পরিচালনা করছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।’

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য উল্লেখ করে রাশেদ খাঁন জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকির গুরুতর অভিযোগের তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। তিনি আরও লেখেন, ‘পটপরিবর্তনের সুযোগ নিয়ে আওয়ামী ঘনিষ্ঠ এ কে এম জিয়া উদ্দিন প্রতিষ্ঠানটির নাম বদলে নিজে এমডি বনে যান। পরবর্তী সময়ে এই ব্যক্তি চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ বাগিয়ে নেন। এরপর প্রতিষ্ঠানটি নির্বিঘ্নে পরিচালনা করতে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর শরণাপন্ন হন। নিশ্চয়ই তুষার ভূঁইয়া ও প্রাডো গাড়ি কাণ্ডের কথা কেউ ভুলে যাননি! অর্থাৎ, আওয়ামী সুবিধাভোগীদের শেল্টার দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া কি তাহলে এনসিপির কথিত নতুন বন্দোবস্তের রাজনীতি?’ এ সময় কুষ্টিয়ার সাম্প্রতিক একটি ঘটনা টেনে তিনি প্রশ্ন রাখেন, ‘কেন কুষ্টিয়ার ঘটনায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ ছিলেন, তা কি এখন স্পষ্ট হচ্ছে?’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক আওয়ামী প্রতিষ্ঠানকে এভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর কুষ্টিয়া এনসিপির স্থানীয় নেতারাও এর কোনো দায় নিতে রাজি হননি। এমনকি এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা ঘটনাটি অবগত হওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিশ্চুপ রয়েছেন।

এনসিপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, ‘এখন দেখার বিষয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন কি না? নাকি এই বিতর্কিত সিগারেট কোম্পানি থেকে উপার্জিত অর্থের ভাগ নাহিদ ইসলাম পর্যন্তও পৌঁছায় বলেই এই গুরুতর ঘটনায় এনসিপি অন্ধের ভূমিকা পালন করবে?’