পায়রা বন্দরের প্রথম টার্মিনালে চীনা পতাকাবাহী জাহাজ

দীর্ঘ দুই বছর পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। 

বুধবার (৭ আক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের কেনা আধুনিক পাঁচটি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনালে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব ইকুইপমেন্ট কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কুয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন ক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।

১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতার ‘ফান ঝৌ-৬’ জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

এর আগে, ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ নামের দুটি মাদার ভ্যাসেল সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রা বন্দরকে ডিজিটালাইজড বন্দর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।