ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিদায়ী সাক্ষাৎ হয়। বাংলাদেশ হাই কমিশন এক্সের এক পোস্টে জানিয়েছে।
এতে বলা হয়, বিদায়ী সাক্ষাতে দুই কূটনীতিক বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
তারা দুই দেশের মানুষের মধ্যে ‘বহুমুখী যোগাযোগের’ গুরুত্বের কথা তুলে ধরেন এবং অভিন্ন স্বার্থে যৌথ উদ্যোগ আরও অর্থবহ ও কার্যকর সহযোগিতা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে, গত রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও রিয়াজ হামিদুল্লাহ বিদায়ী সাক্ষাৎ করেন। জয়শঙ্কর এক পোস্টে তার ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ দায়িত্বের জন্য শুভকামনা জানান।