রজনীকান্তের নতুন সিনেমা থেকে বাদ গেল ১০০ মিনিট

পর্দায় আবারও ফিরছে ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের সেই চিরচেনা ম্যাজিক! সম্প্রতি সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেয়েছে রজনীকান্তের ‘জেলার ২’। ২০২৩ সালে বক্স অফিস ওলটপালট করে দেওয়া ‘জেলার’ সিনেমার পর, পরিচালক নেলসন দিলীপকুমার এবার কী চমক নিয়ে আসছেন, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জানা গেছে, এর বর্তমান দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট। তবে সিনেমাটির শুরুতে দৈর্ঘ্য ছিল এর চেয়ে অনেক বেশি।

সিঙ্গাপুরভিত্তিক মুভিজ সিঙ্গাপুরের একটি প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ‘জেলার ২’-এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট বা ২৬৫ মিনিট। সেখান থেকে ১০০ মিনিটেরও বেশি দৃশ্য বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে সিনেমাটির দৈর্ঘ্য ১৬৫ মিনিট।

প্রতিবেদন অনুযায়ী, মূল গল্প থেকে বিচ্যুতি এড়াতেই সিনেমার দৈর্ঘ্য কমানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সিনেমা থেকে ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

জেলার ২ অবসরপ্রাপ্ত কারারক্ষী ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে আবারও দেখা যাবে রজনীকান্তকে। অতীতের সহিংস জীবন থেকে দূরে শান্তিতে থাকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একটি বিপজ্জনক সাম্রাজ্য তার পরিবার ও উত্তরাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়ালে আবারও পুরোনো জীবনে ফিরতে বাধ্য হন তিনি।

রজনীকান্তের সঙ্গে প্রথম সিনেমার রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও মির্নাও ফিরছেন। নতুন চরিত্রে দেখা যাবে এস জে সূর্য, সুরজ, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের।

এ ছাড়া মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনকে সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।

মুক্তির আগে সান নেক্সটে সিনেমাটির প্রি-রিলিজ অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করা হবে।