পুলিশ সেজে দেশজুড়ে ডাকাতি, গ্রেপ্তার ৩ ডাকাত

ঢাকার সাভারে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছে থেকে নীল রঙের পুলিশের টি-শার্ট, লোহার হাসুয়া, ছুরি, মোটরসাইকেল ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।

পুলিশ সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বেলা ১১টার দিকে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

গ্রেপ্তারকৃত উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

অভিযানকালে তাদের কাছে থেকে ১টি মোটর সাইকেল, ১টি নীল রঙের পুলিশের টি-শার্ট, ১টি লোহার হাসুয়া, ২টি লোহার ছুরি, ২টি বাটন ও ৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, নগদ তেরো হাজার ১৬৭ টাকা, ‌‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, ৩টি মানিব্যাগ ও ২টি হাতঘড়ি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পক্ষ থেকে জানানো হয়, আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।