ফেসবুকে ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে হত্যার হুমকি দেওয়ায় অভিযোগে ময়মনসিংহে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় জিডিটি করেন গণতান্ত্রিক যুবদল ও এলডিপির ময়মনসিংহ জেলা শাখার নেতা মো. সোহাগ তালুকদার।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীমা হাসান। তিনি বলেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিডিতে কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে কর্নেল অলি আহমদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, গত ৫ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহান তার ফেসবুক আইডি থেকে কর্নেল অলি আহমদকে উদ্দেশ করে ভয়ভীতি ও হত্যার হুমকিসংবলিত মন্তব্য করেন। পরে সেটি বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। জিডিতে সোহাগ তালুকদার নিজেকে গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক ও এলডিপির ময়মনসিংহ জেলা শাখার যুববিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের ছবিযুক্ত একটি ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘... এই.. (আপত্তিকর শব্দ) অলিকে দিতে পারো বলী কে?’
অভিযোগকারী সোহাগ তালুকদার বলেন, কর্নেল অলি আহমদের অনুসারী হিসেবে ওই হুমকির ঘটনায় তিনি ও দলের অন্য নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে জাহাঙ্গীর আলম জাহান তার কিংবা দলের নেতাকর্মীদের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এর আগে ৬ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে একই অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ৫ অক্টোবর তার ফেসবুক আইডি থেকে কর্নেল অলি আহমদকে উদ্দেশ করে আপত্তিকর একটি মন্তব্য করা হয়। মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। জাহাঙ্গীর আলম জাহান কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ১৯৭৫ সালের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় রাজনৈতিক বিষয়ে একাধিক পোস্ট দেওয়ার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে জিডিতে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন সোহাগ তালুকদার।
এসব অভিযোগের প্রেক্ষিতে জাহাঙ্গীর আলম জাহানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।