ঠাকুরগাঁওয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা আদায় করে আত্মসাতের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার মো. গোলাম কাদেরের বিরুদ্ধে। বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-প্রশাসন) মো. গোলজার হোসেন।
অভিযুক্ত গোলাম কাদের (৩২) ভোলা সদর উপজেলার ধনিয়া গ্রামের মৃত ছালে আহাম্মদ মাতুব্বরের ছেলে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর এলাকার ১০৬ জন গ্রাহকের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ বিলের কাগজে স্বাক্ষর করে বকেয়া বিলের টাকা আদায় করেন গোলাম কাদের। তবে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ওই টাকা সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি। এরপর গত ২৭ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত হয়ে আত্মগোপনে চলে যান। তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।
বিদ্যুৎ বিল জমা না হওয়ার বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে গত ২৩ সেপ্টেম্বর পল্লী বিদ্যুৎ সমিতি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে প্রাথমিকভাবে উঠে আসে, বোচাপুকুর এলাকার ১০৬ জন গ্রাহকের কাছ থেকে সরকারি রাজস্ব হিসেবে আদায় করা মোট ৯ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকা সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।
মামলার বাদী মো. গোলজার হোসেন বলেন, ‘গোলাম কাদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত হয়ে পালিয়ে গেছেন। তদন্তে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত বকেয়া বিদ্যুৎ বিল আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এজাহার পাওয়ার পর ১৮৬০ সালের দণ্ডবিধির ৪০৮ ধারায় (বিশ্বাসের সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ) মামলা করা হয়েছে। অভিযুক্ত গোলাম কাদের পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।